জুন ২৭, ২০২৬, ০৮:১৯ পিএম
আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নতুন নির্দেশনা জারি করেছেন। পরীক্ষা চলাকালে নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী ২ জুলাই থেকে দেশজুড়ে এই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে।শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোর কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীম আরা চৌধুরী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার এই বোর্ডের অধীনে আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অঞ্চলের পরীক্ষায় মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন