রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি ফয়জুল করীমের প্রবেশ নিয়ে উত্তেজনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১০:২৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি ফয়জুল করীমের প্রবেশ নিয়ে উত্তেজনা

ছবি - সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়েছে।প্রধান ফটকে নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয় প্রশাসন।শনিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত বিশেষ দোয়া ও ইসলাহি ইজতেমায় অংশ নিতে মুফতি ফয়জুল করীম ক্যাম্পাসে পৌঁছালে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 

তবে আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা থাকায় তার সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের মূল ফটকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। এসময় নেতাকর্মীরা একসঙ্গে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

কয়েকজন নেতাকর্মী ভেতরে প্রবেশ করতে পারলেও অধিকাংশ নেতাকর্মী প্রধান ফটকের বাইরে আটকা পড়েন। পরে কেন্দ্রীয় মসজিদে প্রবেশের সুযোগ না পেয়ে প্রবেশে বাধাপ্রাপ্ত নেতাকর্মীরা প্রধান ফটকের সামনেই রাস্তায় জামাতে আসরের নামাজ আদায় করেন। অন্যদিকে মুফতি ফয়জুল করীম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষ করে নির্ধারিত দোয়া ও ইজতেমায় অংশ নেন। অনুষ্ঠান শেষে তিনি বিজয় চব্বিশ হলের একটি নতুন ফার্স্ট এইড বক্সের উদ্বোধন করেন।

এই পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম স্পষ্ট করে জানান, নিরাপত্তার স্বার্থে ও বিশৃঙ্খলা এড়াতে কেবল মুফতি ফয়জুল করীমকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কাউকেই বহিরাগত হিসেবে প্রবেশ করতে দেওয়া হয়নি।