আগস্ট ৩, ২০২৬, ০৪:৩১ পিএম
পরীক্ষা ছাড়াই আগের মতো এবারও মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না এবং গতবারের মতো নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে নীতিমালার খসড়া পাঠানো হয়েছে। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
নির্ধারিত ফল প্রকাশের পর পরই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।এদিকে সারা দেশের উচ্চমাধ্যমিক কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখের বেশি। বিপরীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ফলে বরাবরের মতো এবারও একাদশ শ্রেণির বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজের মতো কিছু বিশেষ প্রতিষ্ঠানে পূর্বের নিয়ম অনুযায়ী নিজস্ব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন