আগস্ট ১০, ২০২৬, ০৪:১৫ পিএম
দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আনন্দের মাঝেও রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তৈরি হয়েছে ভিন্ন এক পরিস্থিতি। সোমবার সকালে ফলাফল প্রকাশের পরপরই ব্যবহারিক বা প্র্যাক্টিক্যাল অংশে পূর্ণ নম্বর না দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রাজশাহী জেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।পরীক্ষার্থীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্কুল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়।শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, পরীক্ষার সময় স্কুলের ওয়াশরুম ভাঙচুরের একটি ঘটনা ঘটেছিল এবং প্রধান শিক্ষক সেটির মেরামত বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ শিক্ষার্থীদের জমা দিতে বলেন।
কিন্তু সেই অর্থ জমা দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক তাদের দেখে নেওয়ার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ নম্বর না দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ফলাফল প্রকাশের পর আশানুরূপ নম্বর না পেয়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিভাবকসহ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেন।
ঘটনার বিষয়ে জানতে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন