সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, বিকেল ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়াবেন, তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে ভোট শেষ হওয়ার সময়ে অধিকাংশ কেন্দ্রে আর ভোটারদের ভিড় দেখা যায়নি।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন