রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১২ হলের ফলে আবিদের চেয়ে আড়াই গুণ এগিয়ে সাদিক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৫৬ এএম

১২ হলের ফলে আবিদের চেয়ে আড়াই গুণ এগিয়ে সাদিক

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক এই ফলাফলে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে আছেন।

ফলাফলের বিস্তারিত: ফলাফল ঘোষিত হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

গতকাল (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট।

যদিও এই ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবিদুল ইসলাম। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে ফলাফলকে 'পরিকল্পিত কারচুপি' এবং 'প্রহসন' বলে প্রত্যাখ্যান করেছেন।

অন্যান্য পদের অবস্থা: ভিপি পদের পাশাপাশি জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম ফরহাদ ও মহিউদ্দিন খান।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যাদের মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট দেন।