বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

ডাকসু নির্বাচনে জয়ীদের মালয়েশিয়ার পিকেপিআইএমের অভিনন্দন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:১৮ এএম

ডাকসু নির্বাচনে জয়ীদের মালয়েশিয়ার পিকেপিআইএমের অভিনন্দন

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় মালয়েশিয়ার ইসলামী ছাত্র সংগঠন পারসাতুয়ান কেবাংসান পেলাজার ইসলাম মালয়েশিয়া (পিকেপিআইএম) অভিনন্দন জানিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরকে শুভেচ্ছা জানায়, যারা এবারের নির্বাচনে ২৮টির মধ্যে ২৩টি আসনে বিজয় লাভ করেছে। পিকেপিআইএম বলেছে, এই ফলাফল শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন, যা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তনের আশা জাগিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আট মাস আগে ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করে তারা নতুন নেতৃত্বের অঙ্গীকার প্রত্যক্ষ করেছিল। সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও তাদের মতবিনিময় হয়, যা তাদের অনুপ্রাণিত করেছে।

পিকেপিআইএম মনে করে, ডাকসুর এই বিজয় শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং আঞ্চলিক ছাত্র আন্দোলনের জন্যও একটি অনুপ্রেরণার উৎস হবে। এটি প্রমাণ করে যে ছাত্র গণতন্ত্র কেবল একটি স্লোগান নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক সমাজ গঠনের একটি ভিত্তি।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ দজুল আইমান বিন জুলকেফলি ডাকসুর নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, এই নেতৃত্ব যেন বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আশার আলো হয়ে ওঠে।