সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:২৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর অবশেষে সম্পন্ন হয়েছে ভোট গণনা। নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী।
ভোট গণনা শেষ হওয়ার পর সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে সন্ধ্যা ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও তা রাত ৯টা পর্যন্ত গড়ায়। এরপর রাত ১০টার কিছু পর থেকে ভোট গণনা শুরু হয়।
এবারের জাকসু নির্বাচনে মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি দুটি স্বতন্ত্র প্যানেলও অংশ নেয়। বিজয়ী ভিপি আব্দুর রশিদ জিতু ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের হয়ে লড়েন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন