মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৬:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির নির্মাণ এবং আসন্ন শ্যামাপূজা (কালীপূজা) আয়োজনের অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আসন্ন কালীপূজা পালন করতে চাইলেও প্রশাসন এখনো অনুমতি দেয়নি, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। ক্যাম্পাসে কোনো মন্দির না থাকাটা একটি বৈষম্য।” তারা অবিলম্বে পূজার অনুমতি এবং ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানান।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “৫ আগস্টের পর আমরা ফ্যাসিবাদের পতন দেখেছি, কিন্তু এখন যেন আরেক ফ্যাসিবাদের আবির্ভাব ঘটছে। সকল শিক্ষার্থীর ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে।”পরে শিক্ষার্থীরা মিছিল সহকারে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নিকট একটি স্মারকলিপি জমা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর (২০ অক্টোবর) প্রস্তুতির কারণে সার্বিক বিবেচনায় এ বছর ক্যাম্পাসে কালীপূজার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় দিবস দুই দিন পিছিয়ে ২২ অক্টোবর আয়োজন করা হচ্ছে।”

মন্দির নির্মাণের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের দাবির প্রতি সহানুভূতিশীল। তবে বর্তমান ক্যাম্পাসে জায়গার মারাত্মক সংকট রয়েছে। আমরা কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানে মন্দিরের জন্য সুনির্দিষ্ট স্থান রেখেছি।”