সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১৭ বছর পর ব্রাকসু নির্বাচনের পথে বেরোবি

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ৪, ২০২৫, ০৫:৩৩ পিএম

১৭ বছর পর ব্রাকসু নির্বাচনের পথে বেরোবি

ছবি-দিনাজপুর টিভি

প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় আইনে ব্রাকসু অন্তর্ভুক্তির পর প্রথমবারের মতো ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক।

তিনি বলেন, বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্রে কোনো সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে তা নির্বাচনের পর করতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

গঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান (মার্কেটিং বিভাগ)। অন্যান্য সদস্যরা হলেন: সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা (ম্যানেজমেন্ট স্টাডিজ), সহযোগী অধ্যাপক মো. হাসান আলী (ইইই), সহযোগী অধ্যাপক ড. মোহসিনা আহসান (ইংরেজি), অধ্যাপক ড. মো. শাহজামান (পরিসংখ্যান) এবং সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার (সিএসই)।এই কমিশন গঠনের সিদ্ধান্তে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, "আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষ একটি কমিশন গঠন করা হয়েছে। আশা করছি নভেম্বরের মধ্যেই নির্বাচন কার্যক্রম শুরু হবে।"অপরপক্ষ গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার পর নির্বাচন করার দাবি তুলেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. ইয়ামিন বলেন, "মাত্র ১৩টি পদ নিয়ে সংসদ পরিচালনা করা সম্ভব নয়। নারী এজিএস পদ না রাখা ও কিছু অনিয়ম সংশোধন না করেই নির্বাচন কমিশন গঠন করায় এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, "শিক্ষার্থীদের পরামর্শ নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেরোবির পরিবেশ আলাদা, তাই সবার মতামত বিবেচনা করে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হয়েছে।"তিনি আরও বলেন, "গঠনতন্ত্রে কিছু ঘাটতি রয়েছে, তবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে।" উপাচার্য জানান, খুব শিগগিরই নির্বাচন কমিশন ব্রাকসুর আচরণবিধি প্রণয়ন করে পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করবে। একটি সুন্দর, শৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও এতদিনেও একবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি ৭৫ একর আয়তনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। গত জুলাইয়ে আন্দোলনের মুখে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯"-এ ব্রাকসু সংযুক্তির নির্দেশনা জারি করা হয়। এর মধ্য দিয়েই শিক্ষার্থীরা তাদের ১৭ বছরের প্রত্যাশিত ব্রাকসু নির্বাচনের বাস্তবায়নের পথে এগিয়ে গেলেন।