এপ্রিল ১৪, ২০২৬, ০৪:১৫ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে সন্দেহজনক হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত এক মাস ধরে দেশে হামের প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল ১ জন এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ঢাকা জেলার বাসিন্দা। সামগ্রিকভাবে ঢাকা বিভাগে সন্দেহজনক হামে মারা গেছে মোট ছয়জন। বিভাগওয়ারী হিসেবে ঢাকায় সংক্রমণের তীব্রতা তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সন্দেহজনক হাম রোগে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। সংক্রমণের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের শরীরে।বর্তমানে সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫২ জনে।
তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে সুস্থতার হারও বাড়ছে। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত ৯ হাজার ৩০৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অতি সংক্রামক রোগ, যা সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। হঠাৎ করে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় অভিভাবকদের সচেতন হওয়ার এবং শিশুদের টিকাদান কর্মসূচি পূর্ণ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন