এপ্রিল ১৮, ২০২৬, ০৫:২৬ পিএম
সারা দেশে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহে ৯৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে, সন্দেহজনক হামরোগী হিসেবে ৯৪২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়কালের পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে। এর মধ্যে ৩ হাজার ২৭৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালগুলোতে রোগী ভর্তির চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক মাসে ১৫ মে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ১৪ হাজার ৫২২ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭৫১ জন। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হওয়া হামরোগীদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক অবস্থায় এ পর্যন্ত মোট ১৭৮ জনের প্রাণহানি ঘটেছে বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তবে সঠিক সময়ে টিকা গ্রহণ এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে জটিলতা এড়ানো সম্ভব। বর্তমানে আক্রান্ত ও ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন