বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

স্বাস্থ্য ডেস্ক

মে ৮, ২০২৬, ০৪:৫১ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

হামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর লক্ষণ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির বিভিন্ন উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত একদিনে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪ জনে।

মৃতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ের মধ্যে মোট ৬ হাজার ৪৯০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন। 

বর্তমানে বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে এই পরিসংখ্যান হালনাগাদ করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ শিশু হলেও সব বয়সীদের মধ্যেই এই রোগের লক্ষণ দেখা দিচ্ছে।