জুলাই ২৪, ২০২৬, ০৫:২৩ পিএম
প্রযুক্তির বাজারে নতুন ইতিহাস সৃষ্টি করে দামের দিক থেকে রেকর্ড গড়তে পারে অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন।নতুন সংস্করণের আইফোন ১৮ প্রো ম্যাক্স হতে চলেছে ব্র্যান্ডটির এযাবৎকালের সবচেয়ে দামি নন-ফোল্ডিং ফোন।উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে পারে প্রযুক্তি জায়ান্টটি।চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নতুন এই ডিভাইসের প্রাথমিক মূল্য এগারো হাজার ইউয়ান ছাড়িয়ে যেতে পারে।
আগের সংস্করণের তুলনায় দাম উল্লেখযোগ্য পরিমাণে বেশি হওয়ার পেছনে কাজ করছে উন্নত হার্ডওয়্যার ও মেমোরির বাড়তি খরচ। বিশেষ করে প্রসেসর তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির খরচ বহুগুণ বেড়ে গেছে।আসন্ন এই মডেলে যুক্ত হতে পারে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তির নতুন প্রসেসর, যা তৈরি হবে উন্নত দুই ন্যানোমিটার প্রক্রিয়ায়।
এই বিশেষ চিপ উৎপাদনে খরচ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। পাশাপাশি বৈশ্বিক বাজারে মেমোরির দাম তিনশো শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ছে চূড়ান্ত পণ্যের মূল্যের ওপর।
বাজার বিশ্লেষকদের মতে, শুধু অ্যাপল নয়, চলতি বছর অন্যান্য প্রযুক্তি ব্র্যান্ডগুলোও তাদের হ্যান্ডসেটের দাম সমন্বয় করেছে। আগের সিরিজে দাম অপরিবর্তিত রাখলেও নতুন সংস্করণের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য নতুন কোনো ডিভাইস বাজারে আনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।তবে দাম ও ফিচারের বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন