মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
iphone Duo

iPhone 18 Pro ও Pro Max মডেলে কী কী নতুন চমক রয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:৫১ এএম

iPhone 18 Pro ও Pro Max মডেলে কী কী নতুন চমক রয়েছে

iphone

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে। বুধবার এক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, এই মডেলগুলোতে ৪৮ মেগাপিক্সেলের ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং শক্তিশালী এ-২০ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। নতুন এই ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‍‍`সিরি এআই‍‍` ও ‍‍`অ্যাপল ইন্টেলিজেন্স‍‍` দারুণভাবে যুক্ত করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ফোনগুলো বিশ্ববাজারে পাওয়া যাবে। অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিংয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জসওয়াক জানান, ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ক্যামেরা, পারফরম্যান্স এবং ব্যাটারিতে বড় ধরনের অগ্রগতি আনা হয়েছে। নতুন ফিউশন ক্যামেরায় ছয়টি লেজার-কাট ব্লেডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে লেন্সের ছিদ্র বা অ্যাপারচার ছোট-বড় করা যাবে। এর ফলে অন্ধকারে ছবি তোলার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং গ্রুপ ছবির পেছনের অংশও অনেক বেশি স্পষ্ট দেখাবে। এছাড়া ‍‍`প্রো কন্ট্রোলস‍‍` ফিচারের মাধ্যমে লেন্সের অ্যাপারচার, শাটার স্পিড এবং হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুযোগ থাকছে।

নতুন মডেলগুলোতে দুই ন্যানোমিটার প্রযুক্তির এ-২০ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স রেন্ডারিংয়ের জন্য এর সাত কোরের জিপিইউ আগের তুলনায় ৪০ শতাংশ বেশি দ্রুত কাজ করবে। পাশাপাশি ডিভাইস ঠান্ডা রাখতে এবং টানা উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ভেপার চেম্বার ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও আইফোন ১৮ প্রো ম্যাক্স আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ই-সিম সুবিধার মডেলগুলোতে আইফোন ১৮ প্রো-তে ৩৬ ঘণ্টা এবং প্রো ম্যাক্সে ৪৫ ঘণ্টা পর্যন্ত টানা ভিডিও দেখা যাবে। ফোনগুলো মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হতে সক্ষম।

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের মাধ্যমে নতুন ডিভাইসগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। এর ফলে সিরি এআই আগের চেয়ে অনেক বেশি দ্রুত কাজ করবে এবং ছবি ও ভিডিও এডিটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা চমৎকার ভূমিকা পালন করবে।

কালো, রুপালি, গ্লেসিয়ার এবং নতুন বারগান্ডি রঙের এই ফোনগুলো ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে। আইফোন ১৮ প্রো-এর প্রারম্ভিক দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৯৯ মার্কিন ডলার এবং প্রো ম্যাক্স পাওয়া যাবে এক হাজার ২৯৯ ডলারে।