রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন পুতিন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:০৫ এএম

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন পুতিন

কৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার তীব্র প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমুদ্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

একইসঙ্গে ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানোর কথাও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুতিন তার ভাষণে সরাসরি উল্লেখ করেন, ইউক্রেনের জলদস্যুতা বন্ধ করার জন্য সবচেয়ে কার্যকর সমাধান হলো তাদেরকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই পদক্ষেপের মাধ্যমে কৃষ্ণ সাগরে রুশ স্বার্থের ওপর আঘাত হানার চেষ্টা বন্ধ হবে বলে তিনি মনে করেন।

হামলা তীব্র করার হুমকি দিয়ে পুতিন জানান, ইউক্রেনীয় স্থাপনা, বন্দর ও জাহাজের ওপর হামলা বাড়ানো হবে। এমনকি ইউক্রেনকে যারা সামরিক বা অন্য কোনো উপায়ে সহায়তা করছে, সেই দেশগুলোর ট্যাঙ্কারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই হুমকির সূত্রপাত ঘটে শনিবারের একটি ঘটনার পর। সেদিন একজন ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেন যে, ইউক্রেনীয় নৌ ড্রোন কৃষ্ণ সাগরে দুটি রাশিয়ান ট্যাঙ্কারে আঘাত হেনেছে।

ওই ট্যাঙ্কারগুলো মূলত বিদেশি বাজারে তেল সরবরাহের জন্য লোড নিতে রাশিয়ার একটি বন্দরের দিকে যাচ্ছিল। এর আগে ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিয়েস্কেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে তেলের সরবরাহ ব্যাহত করেছিল। তবে কীভাবে তিনি ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধ করবেন, সে বিষয়ে পুতিন কোনো বিস্তারিত তথ্য দেননি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের একটি বিশাল অংশ দখল করে নিলেও ওডেসাসহ ইউক্রেনের প্রধান বন্দরগুলো এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের সমুদ্র বিচ্ছিন্ন করার হুমকি যুদ্ধ পরিস্থিতির নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে।