রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলার ঘোষণা ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:১৫ এএম

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলায় যেকোনো মুহূর্তে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র—এমন সরাসরি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন,

ভেনেজুয়েলার অভ্যন্তরে সক্রিয় থাকা মাদক চোরাচালান নেটওয়ার্ক এবং তাদের অবকাঠামোই হবে এই সম্ভাব্য সামরিক হামলার মূল লক্ষ্য।

হামলার যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ ফেনটানিল নামক মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। তার ভাষ্যমতে, এই মাদকের কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মৃত্যুর মুখে পড়েন। তিনি আরও বলেন,

কেবল গত বছরই এই ফেনটানিলের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, নৌ-অভিযানের পাশাপাশি এবার স্থলভিত্তিক আক্রমণও শুরু হবে, যা পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ। তিনি জানান, মাদক চোরাচালানকারীরা কোন রুট ধরে চলাচল করে এবং তাদের মূল অবস্থান কোথায়, সে সব তথ্য যুক্তরাষ্ট্রের জানা আছে এবং খুব শিগগিরই এই অভিযান শুরু করা হবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও সেনা বাড়িয়ে চলেছে। ইতিমধ্যেই মাদক বহনের অভিযোগে কয়েকটি নৌযানে হামলা চালানোর ঘটনাও ঘটেছে।

এক নৌকার ওপর পরপর দুটি হামলার ভিডিও ফাঁস হওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল। সেখানে দেখা যায় প্রথম হামলায় যারা নিহত হয়েছিলেন, দ্বিতীয় হামলায় বেঁচে থাকা ব্যক্তিদেরও হত্যা করা হয়। তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান বদলাননি ট্রাম্প। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, মাদক চোরাকারবারীরা গত বছর দুই লাখ আমেরিকানকে হত্যা করেছে।

আমরা এই সংখ্যা কমিয়ে আনব এবং মাদকের সঙ্গে জড়িত ওই লোকগুলোকে নির্মূল করব। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ করে আসছে, যদিও মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।