ডিসেম্বর ৩, ২০২৫, ১০:৫৫ এএম
মাদক চোরাচালান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার চলমান উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যেকোনো সময় সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়েছেন।
এই চরম উত্তেজনার মুখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের।
ক্ষমতাসীন পিএসইউভি দলীয় কর্মীদের এক বিশাল সমাবেশে মাদুরো তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন,
তিনি শুধু সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রেখে যাওয়া উত্তরাধিকারের প্রতিই নয়, বরং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায়ও সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আবেগঘন কণ্ঠে জনগণের উদ্দেশ্যে মাদুরো বলেন, "নিশ্চিত থাকুন যে, আমাদের কমান্ডার শ্যাভেজের লাশের সামনে আমি যেমন শপথ করেছিলাম, ঠিক তেমনই আমি আপনাদের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ করছি।" তিনি বারবার এই অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "নিশ্চিত থাকুন যে আমি আপনাদের কখনো ব্যর্থ হতে দেবো না, কখনো না, কখনো না।
মাদুরোর এই অঙ্গীকার তার সরকারকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপে রক্ষা করার জন্য জনগণের সমর্থন সুসংহত করার একটি প্রচেষ্টা।যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং কঠোর পদক্ষেপের প্রেক্ষাপটে মাদুরো এই প্রতিশ্রুতি দিয়েছেন। জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে সন্দেহভাজন কমপক্ষে ২১টি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।
এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প স্থলপথে অভিযান চালানোরও হুমকি দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে ‘বন্ধ করে রাখা উচিত’। মাদুরো দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এবং মাদক ইস্যুটি কেবল একটি অজুহাত মাত্র। এই পরিস্থিতিতে মাদুরোর এই দৃঢ় অঙ্গীকার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং বহিঃশক্তির আগ্রাসন মোকাবিলার ক্ষেত্রে তার অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন