রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১২ এএম

গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রায় প্রতিদিনই লঙ্ঘন করে চলেছে ইসরাইল। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত তেলআবিব মোট ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম কার্যালয়।

জিও নিউজের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথম ৫০ দিনে ইসরাইলি হামলায় ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অসংখ্য বেসামরিক নাগরিক।

এই তথ্যগুলো গাজা পরিস্থিতি যে চরম উদ্বেগজনক অবস্থায় রয়েছে, সেটিই তুলে ধরছে।গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়, ইসরাইল বিমান হামলা, গোলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে।

তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ১৬৪ বার গুলি চালিয়েছে। এছাড়া ‘হলুদ রেখার’ বাইরের আবাসিক এলাকাগুলোতে অন্তত ২৫ বার সামরিক অভিযান চালানো হয়েছে। সবচেয়ে বেশি যে ঘটনা ঘটেছে তা হলো বোমাবর্ষণ ও গোলাবর্ষণ, যা মোট ২৮০ বার রেকর্ড করা হয়েছে। এসব হামলায় বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করার ঘটনা ঘটেছে ১১৮ বার। এত বিপুল সংখ্যক চুক্তি লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে প্রতীয়মান হচ্ছে।

গণমাধ্যম কার্যালয় আরও জানায়, যুদ্ধবিরতি চলাকালীন সময়েও গত মাসে অন্তত ৩৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এখনো মানবিক সহায়তা পৌঁছানো বন্ধ রয়েছে, যা বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। অব্যাহত হামলায় হাজা উপত্যকার কিছু অংশে রাস্তাঘাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের কারণে গাজার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, বরং প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের প্রাণহানি বাড়ছে এবং মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।