বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৩৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এশিয়ার পরাশক্তি চীন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।

চীনের জনগণ তাঁর এই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে।শোকবার্তায় রাষ্ট্রদূত আরও জানান, বেগম খালেদা জিয়ার অবর্তমানে তাঁর উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সুসম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের এই দ্রুত প্রতিক্রিয়া এবং বিএনপির বর্তমান নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেগম জিয়া তাঁর শাসনামলে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যা বেইজিং সবসময়ই মূল্যায়ন করে আসছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো শোক প্রকাশ করে বার্তা দিচ্ছে।