মার্চ ১৯, ২০২৬, ১১:৩৭ এএম
ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর অব্যাহত হামলার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর বার্তা দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ স্পষ্ট জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর এ ধরনের হামলা আর সহ্য করা হবে না। রিয়াদে আয়োজিত আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি সাফ জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সম্মিলিত ও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না সৌদি আরব। একইসঙ্গে তিনি তেহরানকে তাদের বর্তমান আঞ্চলিক কৌশল অবিলম্বে পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান পরিকল্পিতভাবে এসব হামলা পরিচালনা করছে। ইরানি কূটনীতিকরা এসব হামলার দায় অস্বীকার করলেও হামলার ধরন এবং লক্ষ্যবস্তুর নির্ভুলতা প্রমাণ করে যে এটি আগে থেকেই সাজানো ছিল। তিনি সতর্ক করে বলেন যে সৌদি আরবের ধৈর্যের সীমা আছে এবং তা অসীম নয়।
তবে রিয়াদ কখন বা কীভাবে এর পাল্টা জবাব দেবে, তা নিরাপত্তার খাতিরে গোপন রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, যদি হামলা অব্যাহত থাকে তবে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে।সাম্প্রতিক এই উত্তজনা ছড়িয়ে পড়ে যখন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ইরান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। বিশেষ করে কাতারের রাস লাফান এবং আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এই অঞ্চলে হামলার হুমকি দিয়েছিল। আজ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। একইভাবে আমিরাতও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে। এই সংঘাতের ফলে দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ক পুনর্গঠন চরম অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন