মার্চ ১৯, ২০২৬, ১১:৫৬ এএম
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ২০৬ জন শিশু-কিশোর প্রাণ হারিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। নিহতদের সবাই ১৮ বছরের কম বয়সী বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া একই সময়ে হামলায় আহত হয়েছে আরও এক হাজার ৪০১ জন অপ্রাপ্তবয়স্ক।
বিবৃতিতে নারী ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ভয়াবহ চিত্রও তুলে ধরা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ২২৭ জন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার ৩২৯ জন।
বর্তমানে এক হাজার ১১১ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে অন্তত ১৯ হাজার ৫০৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হামলার শুরু থেকে এ পর্যন্ত মোট নিহতের সুনির্দিষ্ট সংখ্যা মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।
যৌথ এই সামরিক অভিযানে ইরানের স্বাস্থ্যখাত বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। এছাড়া ৩৬টি অ্যাম্বুলেন্স পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে ছয়টি হাসপাতাল খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ৪৭টি জরুরি চিকিৎসা ঘাঁটি, ৩৭টি চিকিৎসা কেন্দ্র এবং ১৮০টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ আক্রমণ শুরু করার পর থেকে এই আঞ্চলিক সংঘাত চরম রূপ নিয়েছে। এই দীর্ঘস্থায়ী সংঘাতে এ পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় এক হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছেন। ইরান এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাকসহ বিভিন্ন উপসাগরীয় দেশে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় ও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন