বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

স্টারলিংককে টেক্কা দিতে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৭:২৪ পিএম

স্টারলিংককে টেক্কা দিতে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

রাশিয়ার নতুন স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এলন মাস্কের স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে ১৬টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ব্যুরো-১৪৪০ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত নিম্ন-কক্ষপথের এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও যোগাযোগ সেবা নিশ্চিত করতে চায় ক্রেমলিন। 

সোমবার একটি মহাকাশযান সফলভাবে এই স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে।

রাশিয়ার মহাকাশ সংস্থা জানায়, প্রথম কৃত্রিম উপগ্রহপুঞ্জ উৎক্ষেপণের মাধ্যমে তারা পরীক্ষামূলক ধাপ পেরিয়ে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পথে বড় অগ্রগতি অর্জন করেছে। মস্কোর এই উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক বছরে মহাকাশে শত শত স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে অন্তত ২৫০টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করার লক্ষ্য রয়েছে তাদের। এই লক্ষ্যমাত্রা ২০৩৫ সালের মধ্যে বাড়িয়ে ৯০০-তে উন্নীত করা হবে বলে জানানো হয়েছে।রাশিয়ান এই রাশসভেত স্যাটেলাইটগুলোর প্রধান লক্ষ্য হলো পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা। 

বর্তমানে ব্যুরো-১৪৪০ কোম্পানির ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট কক্ষপথে সক্রিয় রয়েছে যা এর আগে দুটি ভিন্ন মিশনে পাঠানো হয়েছিল। বিশ্বজুড়ে স্যাটেলাইট ইন্টারনেটের বাজার যখন স্টারলিংকের দখলে, তখন রাশিয়ার এই নতুন পদক্ষেপ বৈশ্বিক মহাকাশ অর্থনীতি ও নিরাপত্তার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক ও প্রযুক্তি বিশ্লেষকরা।