শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আর বাড়াতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৭:৩৫ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আর বাড়াতে চান না ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে অনড় ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী বুধবার এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প সাফ জানিয়েছেন, তিনি এই মেয়াদ বাড়াতে আগ্রহী নন। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে অতটা সময় নেই।’ 

তাঁর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনার ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। 

তিনি মনে করেন, একটি চুক্তিতে পৌঁছাতে পারলে ইরানই সবচেয়ে বেশি লাভবান হবে এবং তারা খুব ভালো অবস্থানে চলে আসবে। ইরানি কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প পথ খোলা নেই। ট্রাম্পের মতে, শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ সম্পন্ন হবে, তবে সেটি হতে হবে দ্রুত এবং যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বড় ধরণের হামলা চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তেহরান ও ওয়াশিংটন। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল দুই দেশের প্রতিনিধিদের। কিন্তু ট্রাম্পের সর্বশেষ অবস্থান এবং তেহরানের অনড় মনোভাবের কারণে সেই আলোচনা এখন গভীর সংকটের মুখে।

এদিকে, ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদী হলেও ইরান জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়নি। মূলত গত রোববার হরমুজ প্রণালিতে একটি ইরানি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটক করার পর থেকেই তেহরান কঠোর অবস্থান নিয়েছে। এর প্রতিবাদে তারা দ্বিতীয় দফার আলোচনায় অংশ না নেওয়ার কথা ইঙ্গিত দিয়েছে। ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় দ্বিতীয় দফার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

কিন্তু দুই দেশের মধ্যে আস্থার সংকট এবং ট্রাম্পের সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্তে পুরো পরিস্থিতি এখন বারুদস্তূপের ওপর দাঁড়িয়ে আছে।বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের মধ্যে যদি কোনো নাটকীয় পরিবর্তন না ঘটে, তবে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে আবারও বড় ধরণের সামরিক সংঘাত শুরু হতে পারে। ডনাল্ড ট্রাম্পের ‘চমৎকার চুক্তি’র স্বপ্ন পূরণ হবে নাকি বিশ্ব নতুন কোনো যুদ্ধের সাক্ষী হবে, তা এখন সময়ের অপেক্ষা।