এপ্রিল ২৪, ২০২৬, ০৬:১৯ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি নির্ভরযোগ্য সরকারি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় এবার বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে বিস্তারিত আলাপ হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই এই ফোনালাপের খবরটি নিশ্চিত করেছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই নেতা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে নিবিড় আলোচনা করেছেন। এই সময় ইসহাক দার সংকট নিরসনে নিরবচ্ছিন্ন সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে ফোনালাপ করেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এই ফোনালাপের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রায় ২১ ঘণ্টা ব্যাপী আলোচনা হলেও কোনো নির্দিষ্ট সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিল। এরপর থেকে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানসহ অন্যান্য দেশগুলো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।দ্বিতীয় দফার এই বৈঠকের জন্য চলতি সপ্তাহের শুরু থেকেই ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানী ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এমনকি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে সপ্তাহের শুরুতে অন্তত ৯টি মার্কিন বিমান প্রয়োজনীয় যোগাযোগ সরঞ্জাম, যানবাহন এবং নিরাপত্তা কর্মী নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে। ইরান শুরুতে মার্কিন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আলোচনায় বসতে অনাগ্রহ দেখালেও বর্তমান কূটনৈতিক তৎপরতায় সেই অবস্থার পরিবর্তন ঘটেছে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই বৈঠকের ওপর পুরো অঞ্চলের স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন