এপ্রিল ২৫, ২০২৬, ১০:৫৮ এএম
ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার দেশটিতে পৌঁছানোর পর এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। মূলত আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা বা কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে।
ইরান ইন্টারন্যাশনালসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সফরের গুরুত্ব তুলে ধরেছে।বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা কমাতে এবং সম্ভাব্য সংলাপের পথ প্রশস্ত করতে পাকিস্তান দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরাগচির এই সফর সেই কূটনৈতিক প্রচেষ্টারই একটি ধারাবাহিকতা। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এসে পৌঁছায়।
শুক্রবার রাতে তাদের বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করার পর পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সফরের আনুষ্ঠানিকতায় পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে আরাগচির আলোচনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতেই ইরানি প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে বলে ডন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সাথে ইরানের সম্ভাব্য বৈঠকের প্রেক্ষাপটে পাকিস্তান একটি সেতু হিসেবে কাজ করছে। আঞ্চলিক সংকট নিরসনে উভয় দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন