মে ১৬, ২০২৬, ১২:২৮ পিএম
গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাস কমান্ডার ইজ আদ-দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরাইল। শনিবার (১৬ মে) ইসরাইলি পক্ষ থেকে তাকে ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করা হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে হাদ্দাদকে বেসামরিক নাগরিক ও আইডিএফ সৈন্য হত্যার জন্য দায়ী করেন।
তবে এই কমান্ডারের নিহত হওয়ার দাবি হামাস এখন পর্যন্ত নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-মুতাজ নামক একটি বহুতল আবাসিক ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
প্রথম হামলায় গুরুতর আহত হওয়ার পর হাদ্দাদকে বেসামরিক পোশাকে থাকা সদস্যরা একটি গাড়িতে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আবাসিক ভবনটি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাড়িটিতে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হলে সেখানে থাকা তিন ব্যক্তি নিহত হন।
গত ১০ অক্টোবর গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। হামাস বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ আনলেও ইসরাইল দাবি করেছে যে তাদের হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার অধিকার রয়েছে।
এর মাঝেই মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা ও গাজা পুনর্গঠন সংক্রান্ত আলোচনা বর্তমানে সম্পূর্ণ অচলাবস্থায় রয়েছে।দুই বছরব্যাপী চলমান এই গাজা যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজার ৭৪৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নতুন করে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ৮৫৭ জন প্রাণ হারিয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন