মে ৩১, ২০২৬, ০১:৩২ পিএম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণ করা উচিত হয়নি। তবে একই সঙ্গে তাঁর দাবি, কয়েক মাস আগে মার্কিন বাহিনী হামলা না চালালে ইরান এখন পরমাণু অস্ত্রের মালিক হয়ে যেত।
ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প উল্লেখ করেন যে বাগদাদে কিংবা ইরানে মার্কিন বাহিনীর যাওয়া একদমই উচিত ছিল না।তিনি বলেন, অতীতে ইরাকে যা ঘটেছিল সেখানে মার্কিন প্রশাসন খুব খারাপ করেছে। সামগ্রিকভাবে ওই পদক্ষেপ ছিল অত্যন্ত বোকামি।
ট্রাম্পের মতে, প্রায় নয় মাস আগে মার্কিন বাহিনী বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালালে এই মুহূর্তে দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকত। এর ফলে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো এবং হয়তো ইসরায়েল কিংবা পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই আর থাকত না।
অতীতে যুদ্ধে এমন কিছু ভুল হয়েছে যেখানে একটি দেশকে ধ্বংস করার পর তারা ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারেনি।ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি লক্ষ্যবস্তু করেনি। তাঁর ভাষায়, দেশটির সামরিক বাহিনীকে মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে কারণ তারা কিছুটা মধ্যপন্থি বলে মনে করা হয়। তবে নেতৃত্বের বিভিন্ন স্তরে থাকা যেসব লোক মধ্যপন্থি নয়, কেবল তাদেরই লক্ষ্যবস্তু করে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও ফক্স নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন