রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ১১

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ১১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি প্যাকেজিং কারখানার রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ থাকা নয়জনের মরদেহ উদ্ধার হওয়ার পর শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত মঙ্গলবার নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং প্রতিষ্ঠানের একটি বড় রাসায়নিক ট্যাংক ধসে পড়ার ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

বিস্ফোরিত ওই ট্যাংকটিতে হোয়াইট লিকার নামে পরিচিত এক ধরনের রাসায়নিক দ্রবণ সংরক্ষিত ছিল।কাগজের মণ্ড উৎপাদনে ব্যবহৃত এই বিশেষ দ্রবণটি মূলত সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম সালফাইডের মিশ্রণে তৈরি করা হয়। 

দুর্ঘটনার পর থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ওই এলাকায় টানা অভিযান চালানো হয়। স্থানীয় কাওলিটজ-২ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উপপ্রধান কার্ট স্টিচ জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে নিবিড় অনুসন্ধান চালানোর পাশাপাশি স্থাপনাটির চারপাশে ড্রোন ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। 

দীর্ঘ চেষ্টার পর নিখোঁজ থাকা বাকি নয়জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ওই ট্যাংকটিতে প্রায় ৯ লাখ গ্যালন অর্থাৎ ৩৪ লাখ লিটার হোয়াইট লিকার নামের রাসায়নিক ছিল। পরিবেশগত পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে ওই রাসায়নিকের কিছু অংশ কাছের কলাম্বিয়া নদীতে প্রবেশ করেছে। 

তবে এখন পর্যন্ত লংভিউ শহরের পানীয় জলে কিংবা আশেপাশের এলাকার বায়ুর মানে কোনো নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব শনাক্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাপানের দ্বিতীয় বৃহত্তম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন পেপারস্পতি ইন্ডাস্ট্রিজ ২০১৬ সালে সিয়াটলভিত্তিক কাঠশিল্প প্রতিষ্ঠান ওয়েয়ারহাউজারের কাছ থেকে ২২ কোটি ৫০ লাখ ডলারে লংভিউ প্ল্যান্টটি অধিগ্রহণ করে পরে নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং প্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র: মার্কিন স্থানীয় কর্তৃপক্ষ