জুন ৪, ২০২৬, ০৬:১২ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি। তবে ফুটবল উৎসবের প্রস্তুতির মধ্যেই আন্দোলন ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। শিক্ষকদের চলমান আন্দোলন বিশ্বকাপ আয়োজনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বুধবার বিক্ষোভকারী শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেন।এ সময় তারা সরকারি ভবনের দরজা ও স্থাপনায় হামলা চালান।
এর একদিন আগেই কট্টরপন্থী শিক্ষক সংগঠন সিএনটিই-এর সদস্যরা বিশ্বকাপ উপলক্ষে স্থাপন করা কয়েকটি ফুটবলারের বিশাল প্লাস্টিকের মূর্তি ভেঙে ফেলেন। পরে মূর্তিগুলোর জার্সি খুলে আগুন ধরিয়ে দেন তারা। এমন ঘটনার পর বিদেশি দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন।শিক্ষকদের দাবি, তাদের বেতন ১০০ শতাংশ বাড়াতে হবে এবং পেনশন সংস্কার করতে হবে। সরকার ৯ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন