বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১১:৫৬ পিএম

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরানের বিভিন্ন অঞ্চলে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে জরুরি আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ফোনালাপে আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ও বক্তব্যের তীব্র নিন্দা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলাগুলো চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতির ধারাবাহিকতা। তিনি আরও বলেন, ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তিনি দাবি করেন, এটি ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তেরও লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনালাপে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যেকোনো বেপরোয়া পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের সেনাপ্রধানকে আরাগচি জানান, হামলা অব্যাহত থাকলে ইরান বসে থাকবে না।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের এ ধরনের আগ্রাসী নীতি পুরো মধ্যপ্রাচ্যে সংকট তৈরি করছে। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ খোলা থাকলেও, যেকোনো সামরিক আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে। ফোনালাপে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।