জুলাই ১১, ২০২৬, ১১:৪৬ এএম
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার লক্ষ্যে ইরানের কাছে প্রকাশ্যে প্রতিশ্রুতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ওমানে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনার আগে ওয়াশিংটন তেহরানকে নির্দেশ দিয়েছে যেন তারা এসব জাহাজে গুলি চালানো বন্ধ করে।মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান গোপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে, বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনাটি একটি ভুল ছিল। তবে ইরানি পক্ষ এই ঘটনার দায়ভার একটি বিচ্ছিন্ন গোষ্ঠীর ওপর চাপিয়েছে।
সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে লড়াই হলেও উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস এই লড়াইকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতির চুক্তি মেনে চলেছে, বরং যুক্তরাষ্ট্রই তা লঙ্ঘন করেছে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অন্যতম শর্ত ছিল বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ পথ করে দেওয়া। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের ভাষ্যমতে, তেহরান স্বীকার করেছে যে তারা ভুল করেছে এবং আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। ওমানের আলোচনার নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটফ।
এদিকে, শুক্রবার এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান যদি প্রণালী উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি না দেয়, তবে এর পরিণতি ভালো হবে না। অন্যদিকে, উত্তেজনা নিরসনে কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার ইরানে পৌঁছেছে।
ট্রাম্প অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওপর ইরান কর্তৃক গুপ্তহত্যার পরিকল্পনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, এ ধরনের কোনো হামলা হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের সংশ্লিষ্ট এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ইসরায়েল সম্প্রতি ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য দিয়েছে যে, ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে।
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এর আগে জুন মাসে উভয় দেশ ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং সব ক্ষেত্রে সংঘাত বন্ধ করা। নতুন চুক্তির আওতায় ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার প্রস্তাবও রয়েছে।
তথ্য:বি বি সি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন