বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের

Ai - ছবি

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে ‘পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট দেশগুলোকে বেসামরিক প্রতিরক্ষা ইউনিট সক্রিয় রাখার আহ্বান জানিয়েছে ইরান।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই দেশগুলো যেন তাদের নাগরিকদের সুরক্ষার জন্য বেসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে দ্রুত সক্রিয় করে। একই সঙ্গে তারা যেন সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে নাগরিকদের দূরে সরিয়ে নেয়। ইরানের দাবি, এসব দেশের ভূখণ্ড তাদের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।প্রতিবেদনে আইআরজিসি কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থিত মার্কিন সামরিক রসদ কেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। এতে ঘাঁটিটির রাডার-ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও ড্রোন স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তারা।চলমান পরিস্থিতি এবং হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।