জুলাই ২০, ২০২৬, ১১:৩০ এএম
কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তাদের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি উন্নত আগাম সতর্কীকরণ রাডার-ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে।
ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।হামলায় একটি বিমান সরঞ্জাম রাখার গুদাম ও মার্কিন এমকিউ-নাইন ড্রোন রাখার হ্যাঙ্গারে আঘাত হানা হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। এই হামলার ফলে ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি বিমানে আগুন ধরে যায়। তবে এ বিষয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, একই সময়ে ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশের এসলামাবাদ-ই ঘার্ব এলাকায় একটি এমকিউ-নাইন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। মেহর নিউজ জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায়। ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে থাকা একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন