বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

টানা ১০ রাত ধরে মার্কিন হামলা, জবাব দিচ্ছে ইরানও

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:৫০ এএম

টানা ১০ রাত ধরে মার্কিন হামলা, জবাব দিচ্ছে ইরানও

ছবি - সংগৃহীত

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

সম্প্রতি নিহত তিন মার্কিন সেনার মৃত্যুর জন্য ইরানকে সরাসরি দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুমুগুণ মূল্য দিতে হবে। এরপরই এই জোরদার হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন জর্ডানে এবং একজন ইরাকে প্রাণ হারিয়েছেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিসহ বেশ কিছু শহর লক্ষ্যবস্তু হয়েছে। কুয়েত ও জর্ডানের সামরিক বাহিনী ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর জানিয়েছে। হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।