আগস্ট ৯, ২০২৬, ০২:৩০ পিএম
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার যেকোনো পরিকল্পনাকে সরাসরি ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করেছে মিশর। কায়রো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এমন কোনো অপচেষ্টা বাস্তবায়ন হতে দেওয়া হবে না এবং তা প্রতিহত করতে দেশটি সর্বশক্তি প্রয়োগ করবে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের মধ্যে মিশরের শীর্ষপর্যায়ের পক্ষ থেকে আসা এই কড়া বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে গাজা থেকে অধিবাসীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা এখনো বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে, কিন্তু মিশর তা কোনোভাবেই মেনে নেবে না। জীবনযাত্রার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে স্বাভাবিক বসবাস অসম্ভব হয়ে পড়ে এবং মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়, তাকে স্বেচ্ছায় স্থানান্তর বলা যায় না।
এটি আন্তর্জাতিক আইন এবং দখলকৃত অঞ্চলের মানুষের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান বিভিন্ন লঙ্ঘনকে তিনি নীরব সংযুক্তিকরণ হিসেবে আখ্যায়িত করেছেন।
তার মতে, এই ধরনের কর্মকাণ্ড একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সংকুচিত করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে।ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের স্বীকৃতি ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা অর্জন অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন