আগস্ট ২২, ২০২৬, ১১:১৪ পিএম
‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামে পাঁচ দফা দাবিতে ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন করে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে বিশাল জনসমাগম ঘটিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার এবং শিগগিরই একজন কেন্দ্রীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে বৈঠক করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে এই আন্দোলন দ্রুত তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছে।আন্দোলনকারীদের প্রধান পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সরকারি সহায়তা ও বৃত্তির ক্ষেত্রে জাতভিত্তিক ব্যবস্থার বদলে অর্থনৈতিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তাদের মতে, জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি দরিদ্র মানুষের শিক্ষা ও মৌলিক প্রয়োজনে সহায়তা নিশ্চিত করা উচিত।
পাশাপাশি বিদ্যমান কোটাব্যবস্থার বিশদ পর্যালোচনার মাধ্যমে সবচেয়ে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সুবিধা পৌঁছানোর দাবি জানানো হয়েছে। বিগত আট দশকে কোটাব্যবস্থার প্রভাব পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছেন তারা।উচ্চশিক্ষার মান বজায় রাখতে প্রিমিয়ার ইনস্টিটিউটগুলোতে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম নম্বর নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এছাড়া অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য সুযোগ-সুবিধা আরও প্রসারিত করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার রাতে যন্তর মন্তরে বিক্ষোভের সময় দিল্লি পুলিশ কয়েকজনকে আটক করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন