বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অর্থনৈতিক চাপ বাড়লে ভূমিকম্পের মতো আঘাত হানবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১২:১৫ পিএম

অর্থনৈতিক চাপ বাড়লে ভূমিকম্পের মতো আঘাত হানবে ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে তার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন যে বাণিজ্যিক ও অর্থনৈতিক যুদ্ধ আরও বৃদ্ধি পেলে উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।পাশাপাশি হরমুজ প্রণালির বিকল্প পথগুলোতেও তেল পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি।

ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট ইরানের অর্থনীতি দুর্বল করার নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করার পরই তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এসেছে। মার্কিন নিষেধাজ্ঞার জালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া ইরান এবার আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যাহত করা এবং ইউরোপীয় দেশগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু করার মতো কঠোর কৌশলের কথা ভাবছে। 

এমনকি দেশটির ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির নীতি পুনর্মূল্যায়নের দাবিও জোরালো হচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতা মোহসেন রেজাই এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে অর্থনৈতিক আগ্রাসন অব্যাহত থাকলে পারস্য উপসাগরের কোনো পথ দিয়েই তেল রপ্তানি হতে দেওয়া হবে না এবং এর পরিণতি হবে ভূমিকম্পের মতো ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন যত বেশি বিস্তৃত অবরোধ আরোপের চেষ্টা করবে, তেহরানও তত বেশি মাত্রায় গোটা অঞ্চলে সেই সংকটের খরচ ছড়িয়ে দেওয়ার কৌশল গ্রহণ করবে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং পারমাণবিক নীতি পরিবর্তনের এই গুঞ্জন বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।