মে ৪, ২০২৬, ০২:১৯ পিএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।দায়েরকৃত রিট আবেদনে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তিটিকে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীদের দাবি, চুক্তিটি কাঠামোগতভাবে জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর এবং এতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষার বিষয়টি উপেক্ষিত হয়েছে। রিটে বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্তের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় ও প্রতিকূল শুল্ক ব্যবস্থা আরোপিত হয়েছে। এর ফলে দেশের নিয়ন্ত্রণমূলক স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিবাদী হিসেবে রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের নাম উল্লেখ করা হয়েছে।সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবী জানিয়েছেন, জাতীয় অর্থনীতি ও দেশীয় শিল্প রক্ষায় বিবাদীরা তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৬ সালের শুরুর দিকে স্বাক্ষরিত এই চুক্তিটির বিভিন্ন ধারা পর্যালোচনা করে আদালতে আরও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হবে বলেও জানান তারা। হাইকোর্টের একটি বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন