এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৩৪ পিএম
রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কওমি মাদ্রাসার ৫০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় অসাধারণ মেধার স্বাক্ষর রাখা এই তরুণ আলেমদের মেধা ও শ্রমের স্বীকৃতি দিতেই ‘কওমি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই আয়োজনে পুরস্কার হিসেবে ওমরাহ পালন, বই-পুস্তক ও নগদ অর্থসহ মোট ৪৫ লক্ষ টাকার বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়েছে।
আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই শিক্ষার্থীদের বাছাই করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেধা তালিকায় স্থান পাওয়া ১১১ জনের মধ্যে ১০২ জন এবং মুমতাজ তথা জিপিএ-৫ সমমান অর্জনকারী ১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১ হাজার ১১৯ জন এই সংবর্ধনার জন্য আবেদন করেছিলেন।
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সেরা ৫০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পুরস্কারের তালিকায় শীর্ষ চারজনের জন্য ছিল পবিত্র ওমরাহ পালনের সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের বই কেনার ভাউচার। মেধাক্রম অনুযায়ী অন্যান্যের মাঝে ১ লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকের বই কেনার ভাউচার, সম্মাননা ক্রেস্ট এবং আদ-দ্বীন হাসপাতালের বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে এই আয়োজনের নেপথ্য উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, আমাদের দেশে প্রচলিত সাধারণ ধারার মেধাবীদের উৎসাহিত করার জন্য অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও নানা উদ্যোগ নিলেও কওমি অঙ্গনের মেধাবীদের জন্য এমন আয়োজন খুবই অপ্রতুল। জাতীয় পর্যায়ে তাঁদের মেধার স্বীকৃতি ও সঠিক গাইডলাইনের অভাব পূরণের লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই তরুণ আলেমরা সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে গড়ে উঠবেন এবং তাঁদের মেধাকে উম্মাহর কল্যাণে গবেষণামূলক কাজে নিয়োজিত করবেন।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ আলেমদের ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি আমল-আখলাক ও চারিত্রিক মাধুর্যের মাধ্যমে ইসলামের খেদমত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক কওমি শিক্ষার্থীদের জন্য এমন বিরল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণ আলেমদের উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন এক উদ্দীপনা ও আত্মবিশ্বাস জোগাবে।
অনুষ্ঠানের শুরুতে আগত ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সাব্বির আহমাদ। মেধাবীদের এই মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মাওলানা লিয়াকত আলি, মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, ড. নুরুল আবসার আজহারী এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এ বি এম হিজবুল্লাহ। এছাড়া লেখক শরীফ মুহাম্মদ, অর্থনীতিবিদ ড. ইউসুফ সুলতান এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ওলামায়ে কেরাম অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। দিনভর অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলা এই আয়োজনটি বিকেল ৫টায় সমাপ্ত হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন