বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের শঙ্কা

জাতীয় ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৯:০০ পিএম

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের শঙ্কা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় বিভেদ সৃষ্টি ও ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং অভ্যন্তরীণ দলীয় প্রতিযোগিতার সুযোগ নিয়ে অনলে ঘি ঢালবে।

বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত একাধিক কর্মীসভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বপন।

তিনি স্পষ্ট করে জানান, এই দুই চক্র দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো মহলের উসকানির ফাঁদে কেউ পা না দেয়। দেশের কয়েকটি এলাকার শিল্পাঞ্চল ও কলকারখানায় কৃত্রিমভাবে শ্রমিক অসন্তোষ তৈরির অপচেষ্টা চালানো হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে তিনি জানান।

এমন প্রেক্ষাপটে নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলে হুঁশিয়ারি দেন স্বপন। কোনো অপশক্তি যেন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলকে বিভক্ত করতে না পারে এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।