বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ঘোষণা দিলেন ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৩:০১ পিএম

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ঘোষণা দিলেন ইউনূস

দেশের সাংবিধানিক কাঠামোর একটি বড় পরিবর্তন এনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। একইসঙ্গে তিনি জানান, নতুন সংসদীয় কাঠামোর উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে।

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ভাষণটি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

উল্লেখ্য, এই স্বাক্ষরের প্রক্রিয়া নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। তাদের বক্তব্য ছিল, ক্ষমতাচ্যুত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতির সই রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদের প্রতি অসম্মানজনক। তবে সেই বিতর্ক সত্ত্বেও সরকার এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো।প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করবে। সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় একদিকে যেমন সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে, তেমনি জনগণের ভোটদানে অংশগ্রহণও বাড়বে।

এছাড়াও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন দেশের সকল মত ও পথের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে তিনি উল্লেখ করেন। দেশের জন্য একটি স্থায়ী এবং গ্রহণযোগ্য গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণাটি দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে। তবে নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে ভোটগ্রহণের সময় বৃদ্ধি পাওয়াসহ বেশ কিছু লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকার এখন এই ঘোষণা বাস্তবায়নের জন্য দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এখন নির্বাচন কমিশন কীভাবে এই দুটি বড় প্রক্রিয়াকে একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করে, সেদিকেই সকলের দৃষ্টি।