ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:১৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ওপর সরাসরি গুলিবর্ষণকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অতিরিক্ত আইজিপি বলেন,হত্যাকারী ফয়সাল যে দেশের বাইরে চলে গেছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে আমরা তাকে ধরতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান যে, পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের প্রতিটি দিক নিবিড়ভাবে তদন্ত করছে।তদন্তের অগ্রগতি সম্পর্কে এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূল ঘাতক ফয়সাল ও মোটরসাইকেল চালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। এই হত্যাকাণ্ডের বিচার এবং মূল আসামিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ও ছাত্র-জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্তের এই হালনাগাদ তথ্য জানানো হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন