ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৪৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, বরং সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে তদন্ত চালানো হচ্ছে।
ডিবিপ্রধান জানান, ঘাতক ফয়সালের বাবা মোটরসাইকেলের আসল নম্বরপ্লেট পরিবর্তন করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছিলেন।
তবে বিআরটিএ ও অন্যান্য প্রযুক্তিগত যাচাইয়ের মাধ্যমে ডিবি পুলিশ আসল নম্বরপ্লেটের সন্ধান পেয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী না হওয়ায় আগে গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল মালিককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যাদের নাম উঠে আসছে, তাদের সবাইকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
র্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘাতক ফয়সাল ঘটনার দিন নরসিংদীর একটি রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসেছিল। হাদিকে গুলি করার পর ঘাতক তার পিস্তলের ব্যাগটি বাবার কাছে দেয়। এরপর সেটি কয়েক হাত বদল হয়ে শেষ পর্যন্ত একটি বিলে ফেলে দেওয়া হয়। র্যাব ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ও আলামত গোপনকারীদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।
অন্যদিকে, বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ফয়সালকে পালাতে সহায়তাকারী ও মানব পাচারে জড়িত ‘ফিলিপ’কে ধরতে ময়মনসিংহে রাতভর অভিযান চালানো হয়েছে। ফিলিপ ও তার সহযোগী জেমি চিসিং বর্তমানে বিজিবির কঠোর নজরদারিতে রয়েছে। ঘাতক ফয়সাল দেশত্যাগ করেছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই জানিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, তাকে গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। গতকাল শনিবার তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন