জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৫ পিএম
প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে মূল পরীক্ষার হুবহু মিল পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড় থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। তাদের প্রধান দাবি হলো এই বিতর্কিত পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নিতে হবে।
এছাড়া সব চাকরির পরীক্ষা ঢাকায় নেওয়া প্রতিটি কেন্দ্রে জ্যামার বসানো এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পরীক্ষার্থীরা বলছেন যে সব প্রতিষ্ঠানে প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া যাবে না।উল্লেখ্য যে গত ৯ জানুয়ারি ৬১ জেলায় অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ১০ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
তবে পরীক্ষার আগে থেকেই প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অধিদপ্তর প্রাঙ্গণ ছাড়বেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন