ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৩ পিএম
মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং একে অপরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে মঙ্গলবার বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদের শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার গঠনের এই মুহূর্তকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে সংসদ এলাকায় নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।উল্লেখ্য যে, এবারের শপথ অনুষ্ঠানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম দেখা গেছে।
সাধারণত বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান আয়োজিত হলেও এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথও একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংসদ ভবনে এই আয়োজন গণতন্ত্রের কেন্দ্রবিন্দুকে জনসম্মুখে আরও গুরুত্ব দেওয়ার একটি প্রতীকী পদক্ষেপ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন