রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৫ পিএম

আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ অধিবেশনে আমন্ত্রিত ৫৩ জন আহত জুলাই যোদ্ধার সাথে অত্যন্ত আবেগঘন পরিবেশে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সংসদ অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ভিআইপি গ্যালারিতে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং জুলাই বিপ্লবের সময় তাদের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ও বীরত্বপূর্ণ ঘটনার বর্ণনা শোনেন। 

এ সময় তিনি আহত যোদ্ধাদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং কারো মাথায় বা কাঁধে হাত বুলিয়ে পরম মমতায় সান্ত্বনা প্রদান করেন।সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে যে, জুলাই বিপ্লবের বীর সন্তানদের ত্যাগ ও বীরত্বের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতেই তাদের এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। 

অধিবেশন চলাকালীন বিরতির ঠিক আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা দেন। 

তিনি জানান যে, আজ গ্যালারিতে সেই বীর আহত জুলাই যোদ্ধারা উপস্থিত রয়েছেন যারা দেশের সংকটে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। তার এই ঘোষণার সাথে সাথে সরকারি ও বিরোধীদলীয় সকল সংসদ সদস্য সম্মিলিতভাবে টেবিল চাপড়ে এই বীরদের উষ্ণ অভ্যর্থনা জানান।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত ৫৩ জন যোদ্ধা সংসদ সদস্যদের অভিনন্দনের জবাবে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা গ্যালারিতে এসে জানান যে প্রধানমন্ত্রী স্বয়ং তাদের সাথে দেখা করতে গ্যালারিতে আসছেন। এই সংবাদে উপস্থিত জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যালারিতে প্রবেশ করেন এবং একে একে সবার সাথে কুশল বিনিময় শুরু করেন। এ সময় এক অভাবনীয় ও আবেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে আন্দোলনের সময় তাদের ওপর নেমে আসা অবর্ণনীয় দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা করেন।

 

প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সাথে তাদের প্রতিটি কথা শোনেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনাসহ পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় গ্যালারিতে আইনমন্ত্রী এবং কয়েকজন হুইপও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এই সাক্ষাতের মাধ্যমে জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সম্মান ও স্বীকৃতির বিষয়টি আবারো স্পষ্টভাবে ফুটে উঠেছে।