এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩৬ পিএম
দেশে হামের টিকার কোনো সংকট নেই এবং আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার এই বড় উদ্যোগ গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক সময়েই দেশে হামের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত পরিমাণ ডোজ মজুত রয়েছে।
তবে সিরিঞ্জের মজুত নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আগামী ১৫ মে পর্যন্ত ব্যবহারের জন্য পর্যাপ্ত সিরিঞ্জ সংরক্ষিত আছে। পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুতই সম্পন্ন হবে।
আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি হাসপাতালকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু যেন ভয়াবহ আকার ধারণ করতে না পারে, সে জন্য স্থানীয় পর্যায় পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে দেশে যক্ষ্মার প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে আগেভাগেই পর্যাপ্ত টিকা ও প্রতিষেধকের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
ভ্যাকসিন সরবরাহ নিয়ে বর্তমান সরকারের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন যে বিগত সরকার কোনো ধরনের ভ্যাকসিন কিনে রেখে যায়নি। ফলে বর্তমান সরকারকে এই জরুরি চিকিৎসা সামগ্রী দ্রুততম সময়ে জোগাড় করতে বেশ বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মাঝেও সরকার নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছে।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, জনস্বার্থে সরকার ভালো কাজ করতে চাইলেও একটি ‘দুষ্টচক্র’ তা প্রতিরোধের অপচেষ্টা চালাচ্ছে। এ সময় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারের এসব জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কাম্য বলে তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন