এপ্রিল ২১, ২০২৬, ০৪:৫২ পিএম
বাংলাদেশে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছে বন্ধুপ্রতিম দেশ চীন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে দুই দেশের মধ্যবর্তী দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং গুরুত্বপূর্ণ এই তিন খাতে যৌথ অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আধুনিক চীনা প্রযুক্তির ব্যবহার এবং শস্য উৎপাদন বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রমের সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করা হয়। উপদেষ্টা নজরুল ইসলাম খান বাংলাদেশের কৃষি বিপ্লব ও পরিবেশ রক্ষায় চীনের সক্রিয় ভূমিকা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
উত্তরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং আশ্বস্ত করেন যে, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি উল্লেখ করেন, আধুনিক কৃষি প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষাখাতে দক্ষতা বৃদ্ধির জন্য চীন সরকারের বিভিন্ন কর্মসূচি বাংলাদেশে অব্যাহত থাকবে। বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূতের এই ইতিবাচক আশ্বাস দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উচ্চপর্যায়ের এই বৈঠকে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ও চীনের মধ্যে এই নিবিড় কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যতে কৃষি স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন