রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৪৭ পিএম

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে নগর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। 

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, সড়ক দখলমুক্ত করার পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের জীবনযাত্রার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ সময় তিনি দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। 

প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, হকারদের জন্য এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এতে যেমন জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত হবে, তেমনি হাজারো মানুষের কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে।সম্প্রতি ঢাকার মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এই অভিযানে কয়েক শতাধিক হকার উচ্ছেদ হওয়ায় তাদের জীবিকা সংকটের মুখে পড়ে। 

শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এসব হকারদের সরকার নির্ধারিত বিকল্প জায়গায় সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নিবন্ধনের মাধ্যমে প্রত্যেক হকারকে সরকারি পরিচয়পত্র প্রদান করা হবে যাতে ভবিষ্যতে তাদের কার্যক্রম একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে পরিচালনা করা যায়।পুনর্বাসনের পাশাপাশি রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনেও কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন যে, স্কুল-কলেজের ক্লাস শুরু এবং ছুটির সময় রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়। 

এই সমস্যা সমাধানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি নির্দিষ্ট অংশ পার্কিংয়ের কাজে ব্যবহার করার পরামর্শ দেন। এতে মূল সড়কে গাড়ির চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।উচ্চপর্যায়ের এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন। 

এছাড়া ট্রাফিক বিভাগের ডিআইজি আনিছুর রহমানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সরকার প্রধানের এই নির্দেশনার পর নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হকারদের জন্য জায়গা খোঁজার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।